ইতিহাস- ঐতিহ্যে অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা—।

 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

ইতিহাস ঐতিহ্যে অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা—–।

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য, যিনি সমগ্র জগতের স্রষ্টা। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী মুহাম্মাদ সা. এর উপর, যিনি সমগ্র জগতের জন্য রহমত।

ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন ১নং অষ্টধার ইউনিয়নের বহ্মপুত্র নদের তীরবর্তী ২নং ওয়ার্ডের অষ্টধার ও বালিয়াপাড়া গ্রামের কোলাহল মুক্ত জনপদে অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসাটি অবস্থিত।

ষাটের দশকের সূচনালগ্নে সেনেরচর, বালিয়াপাড়া ও কায়দাপাড়া গ্রামের কতিপয় শিক্ষানুরাগী, ধার্মিক ও দ্বীনদরদী মুসলিম মনিষীগণের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র এলাকার মুসলমানগনের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মাধ্যম হিসেবে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।

এলাকার আপামর জনগোষ্ঠীর মধ্য থেকে কায়দাপাড়া গ্রামের মরহুম নূর আহাম্মদ সরকার সাহেব এবং তার সম্মানীত বিমাতা একখানা টিনের ঘর দান করেন। উক্ত ঘর টি কে কেন্দ্র করে বালিয়াপাড়া গ্রামের মরহুম রয়েছ আলী সরকার সাহেবের পৃষ্টপোষকতায় মরহুম  কারী মোহাম্মদ আলী রহ., মরহুম আব্দুর রাজ্জাক ও  জনাব আলহাজ্ব আফসার উদ্দিন এবং সেনেরচর গ্রামের মরহুম মকবুল হোসেন সরকার প্রমূখ ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তিগন জায়গা, অর্থ, শ্রমসহ সার্বিক সহযোগীতা করে অত্র (কওমী মক্তব) মাদ্রাসাটি  প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন।

মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর  তৎকালীন ময়মনসিংহ শহরের রাহমানিয়া প্রেসের মালিক জনাব মাওলানা মোঃ মঞ্জরুল হক রহ. উক্ত কওমী মক্তবের প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে সেনেরচর গ্রামের মরহুম মুন্সী আব্দুল জব্বার রহ. ওরফে কাতুর বাপ এবং গফরগাওয়র মাওলানা মো: আব্দুল আলিম রহ. কে সাথে নিয়ে দ্বীনি শিক্ষা প্রদানের কাজে আত্মনিয়োগ করেন।

পরবর্তীতে ১৯৮১ সালে মাদ্রাসাটির কর্ম পরিধি উত্তরোত্তর বৃদ্ধি, গতিশীল ও আধুনিকায়নের মানসে জামালপুর সদর উপজেলাধীন ৫নং ইটাইল ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের প্রখ্যাত শিক্ষাবিদ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মাওলানা এ কে এম আব্দুল ওয়াহাব (এম.এম) সাহেব তার শিক্ষাগুরু সেনেরচর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা জনাব মুহা: ইশরাক আলী আনছারী সাহেবের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগীতায় অত্র প্রতিষ্ঠানটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা এর একাডেমিক অনুমতি ও মঞ্জরী প্রাপ্ত হয়। ফলশ্রুতিতে অত্র এলাকার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে এ মাদ্রাসা আজ পরিচিতি লাভে ধন্য হয়েছে।

ষাটের দশকের সে ই অজপাড়া গায়ের মাদ্রাসাটিতে বর্তমানে ৫ শতাধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা গ্রহনের মাধ্যমে ধার্মিক, দেশ প্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে। অত্র মাদ্রাসাটিতে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারীকৃত জনবল কাঠামোর আলোকে ৩৯ টি শিক্ষক-কর্মচারীর পদ বিদ্যমান। ঐতিহ্যবাহী এ শিক্ষা কেন্দ্র এক ঝাক দক্ষ ও মেধাবী শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম  এবং চৌকশ-বিচক্ষণ গভর্ণিং বডির ব্যবস্থাপনায় অত্র এলাকার আলোকবর্তীকার ভূমিকা পালন করছে। শিক্ষক- শিক্ষার্থীর মিলন মেলা ও সমধুর কলরবে এ মাদ্রাসাটি যেন এক অবিশ্বাস্য সপ্নের সফল বাস্তবায়ন।